|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ মার্চ ২০২৬ ০৭:০৭ অপরাহ্ণ

ঢাকার ব্যস্ত সড়কে পথচারীকে মারধর, ভাইরাল ভিডিওতে আলোচনায় মডেল মনিকা কবির


ঢাকার ব্যস্ত সড়কে পথচারীকে মারধর, ভাইরাল ভিডিওতে আলোচনায় মডেল মনিকা কবির


নিজস্ব প্রতিবেদক:

 

রাজধানীর ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পরে জানা যায়, ভিডিওতে দেখা নারীটি রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির।
 

ঘটনাটি রাজধানীর গুলশান এভিনিউ এলাকায় ঘটেছে বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এ সময় কাঁধে ব্যাগ নিয়ে এক পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।
 

ভিডিও অনুযায়ী, ওই ব্যক্তির ব্যাগ মনিকা কবিরের কনুইয়ে লাগে বলে ধারণা করা হয়। এরপর তিনি হাত বাড়িয়ে ওই পথচারীকে ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তিনি ওই ব্যক্তিকে মারধর করেন। ঘটনাস্থলে আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকে তেমনভাবে হস্তক্ষেপ করতে দেখা যায়নি।
 

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এ ঘটনার সমালোচনা করেছেন। তবে সামাজিক মাধ্যমের কিছু ব্যবহারকারী দাবি করছেন, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
 

ভিডিওর শেষ দিকে দেখা যায়, ঘটনাটি ঘটার পর মনিকা কবির ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।
 

মডেলিং জগতে মনিকা কবিরকে খুব বেশি সক্রিয় দেখা যায় না। তবে বিভিন্ন সময় ইউটিউব সাক্ষাৎকার ও অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। সম্প্রতি রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর আবারও নতুন করে আলোচনায় এসেছেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬