|
প্রিন্টের সময়কালঃ ০৫ মার্চ ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৬ ০২:০৪ অপরাহ্ণ

ফার্স্টলুকে কৌতূহল বাড়াল ‘বনলতা এক্সপ্রেস’


ফার্স্টলুকে কৌতূহল বাড়াল ‘বনলতা এক্সপ্রেস’


বিনোদন প্রতিবেদক

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে নির্মাতা তানিম নূর পরিচালিত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ–এর গল্প কিছুক্ষণ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিশিয়াল পোস্টারের পর এবার প্রকাশ করা হয়েছে এর ফার্স্টলুক, যা প্রকাশের পরই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
 

বুধবার সন্ধ্যায় Hoichoi বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজ–এর ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্স্টলুকটি উন্মুক্ত করা হয়।
 

ফার্স্টলুকে দেখা যায় নস্টালজিক এক রেলস্টেশনের আবহ। ট্রেনযাত্রার মধ্য দিয়ে ধীরে ধীরে পরিচয় করিয়ে দেওয়া হয় ছবির বিভিন্ন চরিত্রকে। এই যাত্রায় সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেক তারকা ও নতুন মুখ।
 

প্রথম ঝলকে সাবিলা নূরকে একেবারে সাধারণ বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে। চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন এক মন্ত্রীর ভূমিকায়, আর তার স্ত্রীর চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন। এছাড়া শরীফুল রাজকে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে। অন্যদিকে মোশাররফ করিমের চরিত্রটি রাখা হয়েছে ভিন্নধর্মী।
 

ফার্স্টলুকে তার অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর–এর আলোচিত সংলাপ ‘দুইটা কথা মনে রাখবে’ নতুনভাবে ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি চমক ও হাসির খোরাক জুগিয়েছে।
 

নির্মাতা তানিম নূর জানান, হুমায়ূন আহমেদের গল্পে মানুষের অনুভূতি, নীরব যন্ত্রণা ও গভীর মানবিকতা সবসময়ই বিশেষভাবে উপস্থিত থাকে। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অনুভূতিগুলোর একটি ভিজ্যুয়াল যাত্রা। সিনেমাটিতে পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতার মাধ্যমে একটি অভিন্ন আবেগে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।
 

দেশের প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও আগামী ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬