হাদি হত্যা মামলার গ্রেফতার আসামিদের দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় বিদেশে গ্রেফতার আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদরদফতরে আয়োজিত তার প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় চাঁদাবাজ ও উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন আইজিপি।
তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে বিদেশে গ্রেফতার করা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইজিপি আরও জানান, দেশে চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং দলমতের ঊর্ধ্বে উঠে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে উগ্রপন্থীদের উত্থান ঠেকাতে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।
আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়ক, শপিং কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান তিনি।
পুলিশ বাহিনীর সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে আইজিপি বলেন, সিআইডিকে আধুনিকায়ন, থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন’ থানায় রূপান্তর এবং তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, কিছু পুলিশ সদস্য ব্যক্তিস্বার্থে কাজ করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ কারণে পুলিশ সদস্যদের অতি উৎসাহী না হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণকেও আইন মেনে চলার পরামর্শ দেন আইজিপি।
এ ছাড়া জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলাগুলোর বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬