আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী
এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। সম্প্রতি একটি পডকাস্টে সাবেক স্ত্রী ডলির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন রবি চৌধুরী। সেখানে গায়িকার বিরুদ্ধে পরকীয়ার ইঙ্গিতপূর্ণ অভিযোগ তোলেন তিনি। বিষয়টি নিয়ে এবার নীরবতা ভেঙে প্রতিক্রিয়া জানিয়েছেন ডলি সায়ন্তনী।
ডলি সায়ন্তনী দাবি করেছেন, তার ব্যক্তিজীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
পডকাস্টে রবি চৌধুরী বলেন, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকেই তার সন্দেহের সূত্রপাত। বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির অভিভাবকদের ডেকে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারে কোনো দুলাভাই নেই। পরবর্তীতে সেই ব্যক্তির সঙ্গে ডলির সম্পর্কের প্রমাণ পাওয়ার পরই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে দাবি করেন।
এ বিষয়ে গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডলি সায়ন্তনী বলেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তারা ইচ্ছাকৃতভাবে কোনো বিতর্কে যেতে চান না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না করার আহ্বান জানান।
নীরবতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই উল্লেখ করে ডলি সায়ন্তনী বলেন, তারা নিজেদের মতো আছেন এবং বাকিটা সময়ের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি আরও স্পষ্ট করে জানান, ডিভোর্সের বিষয়ে নানা কথা বলা হলেও বিচ্ছেদের সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এই মুহূর্তে প্রকাশ করতে চান না বলেও জানান তিনি।
ডলি সায়ন্তনী বলেন, ডিভোর্সের সময়ই একটি সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন। এত বছর পর বিষয়টি নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পবিত্র মাহে রমজানে সবার জন্য পবিত্রতা রক্ষার তৌফিক কামনা করেন এই গায়িকা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬