|
প্রিন্টের সময়কালঃ ১১ মার্চ ২০২৬ ০৬:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৬ ০৩:১৫ অপরাহ্ণ

ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তদন্তে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা : চিফ প্রসিকিউটর


ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তদন্তে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা : চিফ প্রসিকিউটর


চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ঘুষকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। সব ধরনের অনিয়ম তদন্ত করা হবে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

জুলাই অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয় আওয়ামী লীগ আমলে গুম, খুন ও জুলাই হত্যাযজ্ঞের ঘটনার। এরই মধ্যে তিন মামলার রায়ও হয়েছে। আগামী মাসে আরও একটি মামলার রায় ঘোষণা হবে। এছাড়া, সাক্ষ্যগ্রহণ ও মামলা প্রায় শেষের দিকে আছে আরও বেশ কয়েকটি।

 

এসব মামলার কার্যক্রমে প্রসিকিশনের একাধিক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগের কথা শোনা গেলেও এবার সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার অডিও ফাঁসের ঘটনা বিতর্ক বাড়িয়ে দেয়। স্বয়ং চিফ প্রসিকিউটরই বলেছেন, এমন ঘটনা বিচারকে প্রশ্নবিদ্ধ করে।

 

মঙ্গলবার চিফ প্রসিকিউটর ঘোষণা দেন তদন্ত হবে সব ঘটনার। গঠন করেন ৫ সদস্যের তদন্ত কমিটি। বুধবার (১১ মার্চ) থেকে কমিটির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।


 
চিফ প্রসিকিউটর বলেন, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে যদি প্রসিকিউশন কিংবা সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আসে, তবে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


 
তিনি জানান, এই কমিটি সব ধরনের অনিয়ম তদন্ত করবে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মামলার শুনানি হয়। তাদের বিচার শুরু হবে কিনা সেই বিষয়ে ৩০ মার্চ আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এ ছাড়া, সাক্ষ্যগ্রহণ হয় আরও বেশ কয়েকটি জুলাই হত্যাযজ্ঞের মামলার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬