|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ণ

তেলের ডিপোতে সেনা মোতায়েনের প্রস্তাব, ফিলিং স্টেশনে পুলিশ টহল জোরদারের অনুরোধ


তেলের ডিপোতে সেনা মোতায়েনের প্রস্তাব, ফিলিং স্টেশনে পুলিশ টহল জোরদারের অনুরোধ


দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। একই সঙ্গে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে পুলিশি টহল জোরদারেরও অনুরোধ জানানো হয়েছে।
 

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। শনিবার পাঠানো এক চিঠিতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন তেল ডিপো থেকে ডিলাররা হঠাৎ বাড়তি চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না—এমন তথ্য পাওয়া যাচ্ছে।
 

এ অবস্থায় চট্টগ্রামের পতেঙ্গায় তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের তেল ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
 

চিঠিতে বলা হয়, দেশের জ্বালানি তেলের ডিপোগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হওয়ায় এসব স্থাপনার নিরাপত্তা জরুরি ভিত্তিতে নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে উল্লিখিত ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে বলে বিপিসি মনে করছে।
 

অন্য এক চিঠিতে বিপিসি জানায়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় অনেক ভোক্তার মধ্যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে।
 

এর ফলে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত তেল কিনে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলেও জানা গেছে।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রির পরিমাণ সীমিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে বিপিসি।
 

তবে বিভিন্ন ফিলিং স্টেশনে ক্রেতাদের সঙ্গে কর্মচারীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের প্রয়োজন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এজন্য দেশের সব ফিলিং স্টেশনে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিপিসি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬