শিল্পকলায় মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ
বিনোদন ডেস্ক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। একই দিন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।
মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মোহা. হারুন-অর-রশীদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো। নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পালনকালে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধসহ প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন হারুন-অর-রশীদ।
এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি রেজাউদ্দিন স্টালিন নামে পরিচিত শেখ রেজাউদ্দিন আহমেদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দিয়েছিল সরকার। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। দীর্ঘ সময় তিনি এ পদে দায়িত্ব পালন করেছিলেন।
এরপর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। তবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। পরে ৪ মার্চ ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
প্রায় ছয় মাস পর ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর ওয়ারেছ হোসেনকে সরিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি প্রায় এক সপ্তাহ এ দায়িত্ব পালন করেন। এরপর ২১ সেপ্টেম্বর শেখ রেজাউদ্দিন আহমেদকে চুক্তিভিত্তিক মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬