জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ
জুলাই–আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি গ্রহণ করা হবে।
এর আগে গত বুধবার এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় শুনানি মুলতবি করা হয়। পরবর্তীতে তার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য আড়াল করা, আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন–পীড়নে উসকানি, ষড়যন্ত্র এবং প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে জয় ও পলক মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন।
এর আগে গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হলে তা আমলে নিয়ে সেদিনই সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল–১।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য গোপনের চেষ্টা চালানো হয়, যার মাস্টারমাইন্ড হিসেবে জয়ের নাম উঠে আসে। আর বাংলাদেশে বসে এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যক্ষ ভূমিকা রাখেন জুনায়েদ আহমেদ পলক। এ কারণে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬