বনানীতে ফুটপাত থেকে ৯৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীর বনানী এলাকা থেকে ৯৯ কেজি গাঁজাসহ মো. একুব আলী শেখ (৫১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বনানীর ১১ নম্বর রোডের পশ্চিম প্রান্তে ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভালুকা থেকে আসা একটি চক্র বনানীর ১১ নম্বর রোডে গাঁজার চালান পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একুব আলীকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, একুব আলী একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের কথা স্বীকার করেছেন।
ডিএমপি জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬