ধামরাইয়ের সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেপ্তার
ঢাকা প্রেস,ধামরাই (ঢাকা) প্রতিনিধি:-
ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানির একটি দল বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের নবীনগরের র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
মেজর জালিস মাহমুদ জানান, গোলাম কবীর মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাকে ধামরাই থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়, ৫ আগস্ট ধামরাই পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে সাদ নামের এক ছাত্র নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও কোনো পুলিশ সদস্যকে আসামি করা হয়নি।
মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে গোলাম কবীর মোল্লাও ছিলেন। এ ছাড়া আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬