|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ

কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা, গুলিতে তরুণ নিহত


কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা, গুলিতে তরুণ নিহত


মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্ত। বিমানবাহিনীর ঘাঁটি কক্সবাজারের সমিতি পাড়ায় এই হামলা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই হামলায় শিহাব কবির নাহিদ (৩০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
 

অতিরিক্ত তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া পাড়ার তরুণ জাহেদ হোসেন ও বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে কর্তব্যরত ব্যক্তিদের মধ্যে হেলমেট পরা নিয়ে কথাকাটাকাটি হয়। এর পরই জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি এবং সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আধা ঘণ্টা ধরে চলা পাল্টাপাল্টি ধাওয়ার মাঝে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।
 

সংঘর্ষের বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কীভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে জানানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬