|
প্রিন্টের সময়কালঃ ২৯ অক্টোবর ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৯:২১ অপরাহ্ণ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার


এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার


চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে।
 

এর আগে ফল প্রকাশের অনুষ্ঠান সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজনের কথা ছিল। তবে স্থান পরিবর্তন করে সচিবালয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে তাঁদের মধ্যে বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
 

যেভাবে জানা যাবে ফল

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd-এ ফল দেখা যাবে।
 

মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
 

উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফল জানা যাবে।
 

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬