|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ

ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার


ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার


ঢাকা প্রতিনিধি:


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কের পাশে লেকপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাভেদ আহম্মেদ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে বসবাস করতেন। মঙ্গলবার সকালে লেকের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
 

পুলিশকে জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান জানিয়েছেন, তার স্বামী বেশ কিছুদিন ধরে বেকার ছিলেন। এ কারণে তিনি আর্থিক সংকটের মধ্যেও ছিলেন। তবে তিনি কখন লেকে গিয়েছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬