|
প্রিন্টের সময়কালঃ ১৪ জুন ২০২৬ ০৯:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুন ২০২৬ ০১:১৯ অপরাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. সুলতানা রাজিয়া চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন


প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. সুলতানা রাজিয়া চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সুলতানা রাজিয়া চৌধুরী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ‘ইমপ্যাক্ট অব রিলেশনশিপ মার্কেটিং অন কাস্টমার সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড প্যাট্রোনাইজ ইনটেনশন থ্রু কাস্টমার এনগেজমেন্ট ইন দ্য রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি’ শীর্ষক গবেষণাকর্ম সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি এ ডিগ্রি লাভ করেন। গত ১১ জুন ২০২৬ আনুষ্ঠানিকভাবে তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
 

শিক্ষাজীবনে ড. সুলতানা রাজিয়া চৌধুরী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৯১ সালে সেন্ট স্কলাস্টিকা স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৯৩ সালে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। একই সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জন করেন।
 

পরবর্তীতে ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হয়ে বিবিএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে চতুর্থ এবং এমবিএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে সপ্তম স্থান অর্জন করেন। ২০০৩ সালে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকা অবস্থায় ২০১৮ সালে ‘কমার্শিয়াল ব্যাংক সার্ভিস কোয়ালিটি’ বিষয়ে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেন।
 

বর্তমানে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

ব্যক্তিগত জীবনে ড. সুলতানা রাজিয়া চৌধুরী চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সদস্য মিজানুর রহমানের সহধর্মিণী। তাঁদের একমাত্র সন্তান উম্মে কুলসুম মুনতাসা বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত।
 

পিএইচডি ডিগ্রি অর্জনের প্রতিক্রিয়ায় ড. সুলতানা রাজিয়া চৌধুরী বলেন, “এ অর্জন শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি আমার পরিবার, শিক্ষা-অঙ্গন, পটিয়াবাসী এবং সমগ্র দেশবাসীর অর্জন।”
 

এদিকে দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম, মেধা ও নিষ্ঠার মাধ্যমে এ সম্মানজনক ডিগ্রি অর্জন করায় তাঁকে পটিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬