|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৭ অপরাহ্ণ

হত্যাচেষ্টা মামলা: মোল্যা নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর


হত্যাচেষ্টা মামলা: মোল্যা নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর


ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর গুলশান থানাধীন কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টা মামলায় রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি মোল্যা নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

আজ রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত রিমান্ডের আদেশ দেন।
 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুল হক সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ প্রদান করেন।
 

শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদা পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রগতি সরণিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। এ সময় গুলিবিদ্ধ হন ফাহিম হোসেন জুবায়েদ। তার বাবা হুমায়ুন কবীর ৫ অক্টোবর গুলশান থানায় ৩৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। মোল্যা নজরুল ইসলাম মামলার এজহারনামীয় ৩৪ নং আসামি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬