ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের
ইরানে চলমান সামরিক হামলা ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টানা অভিযানে সোমবার পর্যন্ত হামলা ১৭ দিনে গড়িয়েছে। এরই মধ্যে হামলার নেপথ্যে আঞ্চলিক রাজনীতির নানা দিক সামনে আসছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স চলতি মাসের শুরুতে জানায়, ইরানে হামলা শুরুর পেছনে ইসরায়েল ও সৌদি আরবের চাপ ছিল। প্রতিবেদনে বলা হয়, এই দুই দেশের কূটনৈতিক চাপের প্রেক্ষিতেই হামলা শুরু হয়।
রয়টার্সের তথ্যমতে, প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন এবং বলেন, ইরানে হামলার জন্য সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলাপে তিনি ভিন্ন অবস্থান তুলে ধরতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান চালিয়ে যেতে ট্রাম্পকে উৎসাহ দিচ্ছেন সৌদি যুবরাজ। রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাতে বলা হয়, ট্রাম্প নিয়মিতভাবে আরব নেতাদের সঙ্গে, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে যোগাযোগ রাখছেন।
হোয়াইট হাউজের কয়েকজন কর্মকর্তা জানান, আলোচনায় সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
মার্কিন কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন এখন সৌদি আরবের প্রয়াত রাজা আব্দুল্লাহর একটি পুরোনো পরামর্শও স্মরণ করছে ইরানের মতো প্রতিপক্ষের মূল শক্তিকে সম্পূর্ণভাবে নির্মূল করার কৌশল গ্রহণ করা।
ইরানকে ঘিরে চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬