|
প্রিন্টের সময়কালঃ ২৩ জুন ২০২৬ ০৯:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জুন ২০২৬ ০৪:৪০ অপরাহ্ণ

নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ: বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত


নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ: বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত


ঢাকা প্রেস প্রতিবেদক 


 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
 

মঙ্গলবার বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে, যা সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
 

দপ্তর আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। পাশাপাশি তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
 

এদিকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগসংবলিত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
 

আরিফ উদ্দিন, যিনি আরিফ হাসনাত নামেও পরিচিত, বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও ওঠে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
 

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বদলি, হয়রানি ও প্রশাসনিক প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
 

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার সকাল থেকে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সংশ্লিষ্টরা জানান, ভিডিও ক্লিপগুলো প্রকাশ্যে আসার পর থেকেই তিনি গণমাধ্যম এড়িয়ে চলছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬