|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুন ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রেস ক্লাবে হামলা: দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েক সাংবাদিক


সাতক্ষীরা প্রেস ক্লাবে হামলা: দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েক সাংবাদিক


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:-

 

সাতক্ষীরা প্রেস ক্লাবের পরিচালনা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
 

আহতদের মধ্যে রয়েছেন—আবুল কাশেম, রফিকুল ইসলাম শাওন, আল ইমরান, বেলাল হোসেন, আমিনুর রহমান, সোহরাব হোসেন এবং অমিত কুমার ঘোষ। তবে আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

ঘটনার বিষয়ে দুই পক্ষের বক্তব্য ভিন্ন।

প্রেস ক্লাবের এক পক্ষের সভাপতি আবুল কাশেম অভিযোগ করেন, পূর্বঘোষিত একটি সভায় অংশ নিতে সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রেস ক্লাবে প্রবেশ করেন। এ সময় আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে ৭০-৮০ জন ভাড়াটে সন্ত্রাসী তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। তিনি দাবি করেন, আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেস ক্লাব দখলে রেখেছেন এবং অতীতেও এ ধরনের হামলার ঘটনা ঘটিয়েছেন।
 

অন্যদিকে, অপর পক্ষের সভাপতি আবু নাসের মো. আবু সাঈদ দাবি করেন, তাদের নেতৃত্বাধীন কমিটি বৈধ। প্রতিপক্ষ জোরপূর্বক ক্লাব দখলে নিতে গেলে সাংবাদিকরা বাধা দেন। এ সময় প্রতিপক্ষের হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন।
 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬