কক্সবাজারে টিউবওয়েল বসাতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস নির্গমন, জ্বলছে আগুন
মঈনুদ্দিন শাহীন (কক্সবাজার):
কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের পরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় নলকূপ বসানোর জন্য মাটি খননের কাজ চলছিল। এ সময় হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে নির্গত গ্যাসে আগুন জ্বলে ওঠে। আগুনের প্রবাহ বেশি হওয়ায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ইনানীতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ঘটনাস্থলে গ্যাস নির্গমনের প্রকৃতি ও উৎস সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬