|
প্রিন্টের সময়কালঃ ১০ জুন ২০২৬ ০৫:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুন ২০২৬ ০৩:১১ অপরাহ্ণ

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি


তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি


সারা দেশে তীব্র ও ভ্যাপসা গরমের পর ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। নগরবাসীর জন্য এই বৃষ্টি যেন স্বস্তির পরশ হয়ে এসেছে। বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় তাপমাত্রা ও গরমের তীব্রতা কমেছে।

 

বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে হঠাৎ শুরু হয় বৃষ্টি, যা ধীরে ধীরে মুষলধারে বর্ষণে রূপ নেয়। যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান, গ্রিন রোড, ফার্মগেট, রাজাবাজার, পান্থপথ, বাংলামোটর, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

 

ভারি বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে। পথচারীদের কেউ ছাতা হাতে, আবার কাউকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে।

 

সারা দেশে বর্ষার আবহ তৈরি হওয়ার মাঝেই দিনের শেষ ভাগে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ধেয়ে আসছে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বিধায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬