|
প্রিন্টের সময়কালঃ ০১ নভেম্বর ২০২৬ ০২:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির


রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির


ডেস্ক নিউজ | ঢাকা প্রেস

 

দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এ ঘটনায় প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত রাশেদ খানকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি।
 

রোববার (১ নভেম্বর ২০২৬) দেওয়া এক বিবৃতিতে ডা. ইরান বলেন, রাশেদ খানের দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশজুড়ে ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের কারণে গণমাধ্যমের প্রতি ক্ষুব্ধ মানসিকতার বহিঃপ্রকাশ এটি। এ ঘটনার রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না।
 

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয়ে রাশেদ খান বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত না করে তাঁদের কর্মকাণ্ডে প্রশ্রয় দেওয়া হলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে।
 

ডা. ইরান বলেন, দৈনিক আমার দেশ কেবল একটি সংবাদপত্র নয়; আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, মজলুম ও স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটির স্বতন্ত্র পরিচিতি রয়েছে। কোনো সংবাদপত্রের বক্তব্য বা প্রকাশিত সংবাদের সঙ্গে দ্বিমত থাকলে তার জবাব দিতে হবে যুক্তি, তথ্য ও প্রমাণের মাধ্যমে। পত্রিকা ছিঁড়ে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য প্রতিবাদ হতে পারে না।
 

বিবৃতিতে তিনি আরও বলেন, রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে হবে যে তিনি চাটুকারিতা, তোষামোদ ও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন না; বরং স্বাধীন সাংবাদিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের অধিকারে বিশ্বাসী।
 

তিনি এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬