|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৩:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৫:১৩ অপরাহ্ণ

আওয়ামী লীগকে মিছিল করতে না দেওয়ার নির্দেশ, পুলিশের নিষ্ক্রিয়তায় হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার


আওয়ামী লীগকে মিছিল করতে না দেওয়ার নির্দেশ, পুলিশের নিষ্ক্রিয়তায় হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ যেন মিছিল বা কোনো ধরনের সভা-সমাবেশ করতে না পারে, সে বিষয়ে পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আওয়ামী লীগ বিভিন্ন সময় মিছিল করছে—এমন অভিযোগ উঠেছে। তবে ইতোমধ্যেই পুলিশ দুইজনকে আটক করেছে।”
 

তিনি আরও বলেন, “যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোনো কর্মকর্তাকেই ছাড় দেওয়া হবে না।”
 

পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “নিচের সারির পুলিশ সদস্যদের থাকার ও খাওয়ার পরিবেশ পর্যবেক্ষণের জন্য নিয়মিত থানা পরিদর্শন করছি। সরকার তাদের জন্য নিজ বিভাগে পদায়নের বিষয়টি বিবেচনা করছে, যেন তারা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন এবং ছুটির দিনগুলো সঠিকভাবে উপভোগ করতে পারেন।”
 

বদলি হলেও অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ না দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে সার্বিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ের সদস্যদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬