৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ নয়টি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ভারী বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে
সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চলাচল স্বাভাবিক
বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে সব ধরনের অভ্যন্তরীণ লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। একইসাথে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে দমকা বাতাস ও নদী উত্তাল থাকায় ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভূমিধস ও বন্যার শঙ্কা
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। একইসাথে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের চারটি বিভাগের নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ ও আগামীকাল দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে শনিবার থেকে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬