|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুন ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জুন ২০২৬ ০১:২৩ অপরাহ্ণ

পটিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


পটিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:

 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন সারা দেশের মতো পটিয়াতেও এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
 

সভায় আরও বক্তব্য দেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ ওসমান এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার হিমু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমওডিসি ডা. সুব্রদেব। এছাড়া স্থানীয় সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সভায় জানানো হয়, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” প্রতিপাদ্যে এবারের ক্যাম্পেইনে পটিয়া উপজেলার ৪১০টি কেন্দ্রে প্রায় ৫৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
 

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধই করে না, বরং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার স্থায়িত্ব ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেশে ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করে থাকে।
 

সভায় আরও বলা হয়, এ কর্মসূচির মূল লক্ষ্য হলো ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের হার এক শতাংশের নিচে নামিয়ে আনা এবং তা বজায় রাখা। পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬