|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৬ ০৬:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ণ

‘আসিব, আসিব’ বলে কত দিন পার হবে—শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সালাহউদ্দিন


‘আসিব, আসিব’ বলে কত দিন পার হবে—শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সালাহউদ্দিন


নিজস্ব প্রতিবেদক

 

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত সরকার বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
 

বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
 

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময় দেওয়া বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন আসিব, আসিব বলিয়া কত দিন পার হবে, কোন দিন! একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ। এগুলো নিয়ে আমাদের কোনো মনোযোগ নেই। আমরা সব সময় সতর্ক আছি।’
 

তিনি বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে দেশে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসরণ করতে হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভারতকে চিঠি দিয়েছে। ভারতও আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
 

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে ক্ষমতার পতন ও পলায়নের পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আর কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের জনগণও দলটিকে রাজনৈতিকভাবে গ্রহণ করবে না বলে মন্তব্য করেন তিনি।
 

সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাসে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট শক্তির রাজনৈতিক প্রত্যাবর্তনের নজির নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও বাংলাদেশে আর রাজনৈতিকভাবে ফিরে আসতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
 

নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থান করে দেশের ভেতরে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচি পালনের নির্দেশনা দিচ্ছেন। এভাবে তারা নেতা-কর্মীদের প্রতারণা ও বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
 

তিনি বলেন, দেশের জনগণ এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ছাড়াই আগের অপচেষ্টা নস্যাৎ করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রম

বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রমের অংশ।
 

তিনি জানান, মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
 

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি বিচারিক প্রক্রিয়ায়

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে।
 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
 

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব কিংবা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা করা হয়েছে।
 

তিনি আরও জানান, সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।
 

শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ ও চূড়ান্ত করা হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকপক্ষ সন্তুষ্ট রয়েছেন।
 

তাঁর দাবি, বর্তমানে শ্রমিক অধ্যুষিত এলাকায় গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। একটি মহল বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।
 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬