|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুলাই ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জুন ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারালো ব্রাজিল


প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারালো ব্রাজিল


২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে পরাজিত করেছে ব্রাজিল। রোববার ভোরে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নেয় সেলেসাওরা।

 

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গিমারায়েস দলকে এগিয়ে দেন। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মিশরের সমতায় ফিরতে। ব্রাজিল অধিনায়ক মারকুইনিওসের ভুল ব্যাকপাস থেকে সুযোগ নিয়ে গোল করেন মোস্তাফা জিকো।

 

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও লিড নেয় ব্রাজিল। ৫২ মিনিটে রাফিনিয়ার দারুণ পাস থেকে গোল করেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। তার গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

 

ম্যাচজুড়ে দুই দলই বেশ কয়েকটি পরিবর্তন এনে নিজেদের কৌশল যাচাই করে দেখে। শেষ দিকে মিশর সমতা ফেরানোর চেষ্টা চালালেও ব্রাজিলের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে জয় নিশ্চিত করে।

 

পরাজিত হলেও মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবেইর ছিলেন প্রশংসিত। ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিসহ ব্রাজিলের একাধিক আক্রমণ সফলভাবে প্রতিহত করেন তিনি।

 

বিশ্বকাপের আগে এই জয় ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও লড়াকু পারফরম্যান্স দেখিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে মিশরও।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬