|
প্রিন্টের সময়কালঃ ১৩ জুন ২০২৬ ০৯:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুন ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ণ

ভারতীয় বিমানবাহিনীর প্রধান ভরসা এএন-৩২ বিমান বিধ্বস্ত


ভারতীয় বিমানবাহিনীর প্রধান ভরসা এএন-৩২ বিমান বিধ্বস্ত


ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটির কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার অবতরণের প্রস্তুতির সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, রানওয়েতে নামার ঠিক আগে বিমানটি বিমানঘাঁটির অভ্যন্তরে ভূপাতিত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে গেলে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং হতাহত সংক্রান্ত বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ভারতীয় বিমানবাহিনী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

 

বিধ্বস্ত হওয়া এএন-৩২ বিমানকে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য পরিবহন উড়োজাহাজ হিসেবে বিবেচনা করা হয়। সোভিয়েত যুগে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি করা এই বিমান বর্তমানে দেশটির বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা ব্যবস্থার অংশ। বহরে এখনও প্রায় একশ’ এএন-৩২ রয়েছে।

 

প্রতিকূল আবহাওয়া ও দুর্গম অঞ্চলে কার্যক্রম পরিচালনায় বিমানটি বিশেষভাবে সক্ষম। উচ্চ পার্বত্য এলাকা ও উষ্ণ আবহাওয়াতেও এটি কার্যকরভাবে উড্ডয়ন করতে পারে। একসঙ্গে প্রায় ৭.৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনের সক্ষমতা রয়েছে এর।

 

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও আসামে ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে। জোরহাট ঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময় পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কার্বি আংলং জেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দুই পাইলট প্রাণ হারান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬