খাবার খাওয়ার সময় বাবাকে কোপ, গ্রেপ্তার ছেলে
নাটোর প্রতিনিধি:-
নাটোরের বাগাতিপাড়ায় খাবার খাওয়ার সময় বাবাকে মারধর ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, ভুক্তভোগী মিন্টু আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে রোববার অভিযুক্ত ছেলে সেজান মাহমুদকে (২৪) গ্রেপ্তার করা হয়।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেজান তার বাবাকে মারধর করেন এবং পরে ঘর থেকে চাপাতি এনে কোপ দেন। এ সময় চাপাতিটি হাত থেকে ফসকে গিয়ে তার দাদি নাসরিন বেগমের কোমরে আঘাত করে, এতে তিনি আহত হন।
এ ঘটনায় শনিবার মিন্টু আলী বাগাতিপাড়া মডেল থানায় সেজানের বিরুদ্ধে মামলা করেন। এরপর রোববার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেজান মাহমুদকে রোববার গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬