|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ মে ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ণ

ঝড়ে উপড়ে পড়া গাছে ট্রেনের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক যাত্রী


ঝড়ে উপড়ে পড়া গাছে ট্রেনের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক যাত্রী


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:-


 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর চলা বৃষ্টিতে বনের একটি পুরোনো গাছ রেললাইনের ওপর উপড়ে পড়ে। সকালবেলায় ট্রেনটি ওই স্থানে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীরা অক্ষত থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিলেন।
 

দুর্ঘটনার পরপরই বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা দ্রুত গাছ ও ডালপালা কেটে রেললাইন পরিষ্কার করেন। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হলেও দ্রুতই তা স্বাভাবিক হয়ে যায়।
 

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, “ধাক্কায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে, তবে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। গাছ অপসারণের পর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে এবং প্রায় ২০ মিনিট দেরি হয়।”
 

বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল গিয়ে রেললাইনে পড়ে থাকা গাছ ও ডালপালা সরিয়ে ফেলে। লাউয়াছড়া বনে বহু পুরোনো গাছ রয়েছে, বৃষ্টিতে মাটি নরম হয়ে গেলে অনেক সময় সেগুলো উপড়ে পড়ে।”


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬