আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনস্বার্থে প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এ ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর কারণ দর্শানোর নোটিশ দেয়।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার হাসপাতালটির জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম হয়েছে কি না, তা বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ সময় হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিরোধী সক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগতে পারে।
অন্যদিকে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন অনুদান দিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। অনুষ্ঠানে জানানো হয়, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় মজুতের পাশাপাশি বিভিন্ন উপজেলায় আরও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন সংরক্ষিত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬