মগবাজারে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাই, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক:-
রাজধানীর মগবাজারে প্রকাশ্য দিবালোকে চাপাতি হাতে ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে গত ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণ কাঁধে ব্যাগ নিয়ে হাঁটার সময় হঠাৎ একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তার পথরোধ করে।
তাদের মধ্যে দুজন চাপাতি হাতে মোটরসাইকেল থেকে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে জোরপূর্বক চেপে ধরে এবং আঘাত করে। একপর্যায়ে তারা তার ব্যাগটি ছিনিয়ে নেয়। ভুক্তভোগী বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা আবারও চাপাতি নিয়ে তার দিকে তেড়ে যায় ও তাকে মারধর করে সরে যেতে বাধ্য করে।
ভিডিও ফুটেজে সময় অনুযায়ী, ঘটনার সময় ছিল বিকেল ৫টা ২২ মিনিট। মাত্র এক মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। হেলমেট পরা থাকায় তাদের মুখ শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার এক সপ্তাহ পরও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু। তিনি বলেন, "ভিকটিম বা তার পক্ষ থেকে কেউ এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬