|
প্রিন্টের সময়কালঃ ০১ নভেম্বর ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৬ ০৩:১১ অপরাহ্ণ

চারঘাটে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকের হাতে দেড় লাখ টাকার ঋণের চেক বিতরণ


চারঘাটে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকের হাতে দেড় লাখ টাকার ঋণের চেক বিতরণ


মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

রাজশাহীর চারঘাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


 

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ।
 

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।
 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর আহমেদ, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি মো. মমিনুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 

আলোচনা সভায় বক্তারা যুবসমাজের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, যুবসমাজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রা আরও গতিশীল হবে।
 

বক্তারা আরও বলেন, যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে হবে এবং চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগী হতে হবে। পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
 

অনুষ্ঠানের একপর্যায়ে একজন উপকারভোগী যুবকের হাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
 

যুবসমাজের দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সরকারি উদ্যোগ আরও সম্প্রসারিত হলে জাতীয় অর্থনীতিতে তরুণদের অবদান বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬