সচিবালয়ে আবারও বিক্ষোভ কাল, সারা দেশের সরকারি দপ্তরেও কর্মসূচি পালনের আহ্বান
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার আবারও বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনটি একইসঙ্গে দেশের সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদেরও এ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে।
সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর সমকালকে জানান, “আগামীকাল সকাল ১০টায় সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় চত্বরের বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।” তিনি আরও বলেন, সারা দেশের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মচারীদেরও একই সময়ে বিক্ষোভ পালনের আহ্বান জানানো হয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে আজ রাতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি জানান, আজ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে একটি বৈঠকের কথা থাকলেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তা সম্ভব হচ্ছে না। বৈঠকের নতুন সময় নির্ধারণ হলে তা সাংবাদিকদের জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। পরদিনই অধ্যাদেশটি জারি করা হয়।
কর্মচারীরা অভিযোগ করছেন, এতে প্রায় সাড়ে চার দশক আগের কিছু 'নিবর্তনমূলক ধারা' পুনরায় যুক্ত করা হয়েছে। তারা এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’ আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। খসড়া অনুমোদনের পর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বিক্ষোভ চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬