|
প্রিন্টের সময়কালঃ ২৪ জুন ২০২৬ ০৪:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জুন ২০২৬ ০২:৪৫ অপরাহ্ণ

পালাকারের নতুন প্রযোজনা ‘হাজার চুরাশি’ মঞ্চে, উদ্বোধন হচ্ছে রুফটপ স্টুডিও


পালাকারের নতুন প্রযোজনা ‘হাজার চুরাশি’ মঞ্চে, উদ্বোধন হচ্ছে রুফটপ স্টুডিও


বিনোদন প্রতিবেদক


 

দীর্ঘ বিরতির পর নিজস্ব স্টুডিও থিয়েটার নিয়ে ফিরছে দেশের অন্যতম নাট্যদল পালাকার। রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের তৃতীয় তলার ছাদে নির্মিত হয়েছে নতুন নাট্যাঙ্গন ‘পালাকার রুফটপ স্টুডিও’। আগামী ২৬ জুন সন্ধ্যা ৭টায় বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চস্থ হবে দলের নতুন প্রযোজনা ‘হাজার চুরাশি’।
 

পালাকার সূত্রে জানা গেছে, নতুন নাটকটি প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী-র কালজয়ী উপন্যাস ‘হাজার চুরাশির মা’ অবলম্বনে রচনা ও নির্মাণ করেছেন নাট্যকার ও নির্দেশক শামীম সাগর। নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভ, যার মরদেহ একটি সরকারি হাসপাতালের মর্গে ১০৮৪ নম্বর ট্যাগে চিহ্নিত থাকে। সন্তানের লাশ শনাক্ত করতে গিয়ে তার মা রাহেলা বেগম সমাজ ও রাজনীতির নির্মম বাস্তবতার মুখোমুখি হন। ক্ষমতার পালাবদল, সুবিধাবাদ এবং প্রতিবাদের ভাষা নাটকটির প্রধান উপজীব্য হিসেবে উঠে এসেছে।
 

নতুন স্টুডিওতে প্রথম পর্যায়ে আগামী ২৬, ২৭ ও ২৮ জুন টানা তিন দিন নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সীমিত আসনসংখ্যার কারণে উদ্বোধনী দিনের প্রদর্শনী শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত থাকলেও পরবর্তী দুই দিনের শো সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
 

নাট্যদলটির দাবি, খোলা আকাশের নিচে লণ্ঠনের আলো ও বিশেষ দেয়ালচিত্রের সমন্বয়ে নির্মিত ‘পালাকার রুফটপ স্টুডিও’ দর্শকদের জন্য ভিন্নধর্মী ও অন্তরঙ্গ নাট্য-অভিজ্ঞতা তৈরি করবে। এর আগে ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ‘পালাকার স্টুডিও’-তে নিয়মিত নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়নের মাধ্যমে দলটি বিশেষ পরিচিতি লাভ করেছিল।
 

নাটক প্রসঙ্গে শামীম সাগর বলেন, ‘হাজার চুরাশি শুধু একটি নাটক নয়, এটি অন্যায়, শোষণ ও সুবিধাবাদের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের প্রতীক। মহাশ্বেতা দেবীর কালজয়ী উপন্যাস সব সময়ই মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত এক শক্তিশালী কণ্ঠস্বর। সেই অনুভূতি থেকেই নাট্যরূপটি নির্মাণ করা হয়েছে। এখানে লাশের কোনো নাম নেই, আছে শুধু একটি সংখ্যা—হাজার চুরাশি। থিয়েটারের কাজ কেবল সময়কে প্রতিফলিত করা নয়, বরং সময়ের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতগুলোকে উন্মোচন করা। এই প্রযোজনায় ক্ষমতার পালাবদলের পাশাপাশি তথাকথিত সুশীল সমাজের ভণ্ডামি ও সুবিধাবাদকেও নাট্যভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬