|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ আগu ২০২৬ ০৮:১৬ অপরাহ্ণ

পটিয়ায় ৩ কোটি টাকার ইয়াবাসহ ৬ বাইকার আটক


পটিয়ায় ৩ কোটি টাকার ইয়াবাসহ ৬ বাইকার আটক


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:


 

চট্টগ্রামের পটিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব-৭। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন—মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। তাদের বাড়ি কক্সবাজারের রামু, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।
 

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি মাদক চক্র কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পটিয়া সরকারি কলেজ মসজিদ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
 

একপর্যায়ে পাঁচটি মোটরসাইকেলে করে ছয়জন ওই চেকপোস্টে পৌঁছালে তাদের থামিয়ে তল্লাশি করা হয়। পরে মোটরসাইকেলের বক্স ও তাদের বহন করা কাঁধের ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬