পড়াশোনায় নজরদারি, মোবাইল আসক্তি নিয়ন্ত্রণ ও নৈতিক শিক্ষা জোরদারের আহ্বান
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠ অগ্রগতি পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন।
শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান রকিব উদ্দিন, অ্যাডভোকেট মহসিন মিয়া, বিদ্যালয়ের সাবেক সদস্য মাসুদ উল ভূঁইয়া, রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মুজিবুর রহমান, কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের সাবেক জিএস আব্দুস সাত্তার বাবু, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছগীর আহমেদ এবং লায়ন শামসুল হক সরকারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনার ধারাবাহিক মূল্যায়ন এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল শিক্ষকদের প্রচেষ্টার ওপর নির্ভর করে না; অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা তাদের মনোযোগ, একাগ্রতা ও শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সন্তানদের প্রযুক্তি ব্যবহারে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সঠিক দিকনির্দেশনা ও কার্যকর তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও মানবসেবায় আত্মনিয়োগে উদ্বুদ্ধ করা সম্ভব।
সমাবেশ শেষে শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬