৩ শতাংশ জমির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় আলাদা সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
আহতদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ওসি সিরাজুল ইসলাম জানান, বড়াইগ্রামের কায়েমকোলা গ্রামের জোয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের গ্রুপের সঙ্গে পার্শ্ববর্তী নওপাড়া গ্রামের বিএনপি সমর্থক দুলালের গ্রুপের দীর্ঘদিন ধরে ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার দুপুরে নওপাড়া গ্রামে সালিশ বসে। তবে সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুলাল গ্রুপ জুলহাস গ্রুপের ওপর হামলা চালায়। এতে জুলহাস গ্রুপের ৫ জন আহত হন।
এরপর সন্ধ্যায় জুলহাসের সমর্থকেরা আহমেদপুর বাজারে জড়ো হলে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুলাল গ্রুপের আরও ৫ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপি অফিসেও ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি সিরাজুল ইসলাম।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬