|
প্রিন্টের সময়কালঃ ১৩ জুন ২০২৬ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুন ২০২৬ ০২:০৮ অপরাহ্ণ

পাহাড় কেটে মাটি বিক্রি: বাহুবলে ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা


পাহাড় কেটে মাটি বিক্রি: বাহুবলে ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা


বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার ৩ নম্বর সাতকাপন ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামীম আহমেদ (৫২)।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাতকাপন ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযানকালে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কেটে মাটি বিক্রির সত্যতা পাওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
 

ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মো. শামীম আহমেদকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
 

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় বাহুবল মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে জীববৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য এবং স্থানীয় জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি এবং পরিবেশ ধ্বংসকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
 

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে পাহাড় কাটা এবং মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘন বরদাশত করা হবে না বলেও জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬