|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জানুয়ারি ২০২৫ ০৪:১২ অপরাহ্ণ

চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, চালকের আমৃত্যু কারাদণ্ড


চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, চালকের আমৃত্যু কারাদণ্ড


ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ট্রাকচালক সোহেল রানা’কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
 

পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান জানান, আদালত ট্রাকচালক সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। অপর আসামি, ট্রাকের হেলপার ওয়াহাব শেখ, মামলার চলাকালে ২০২৩ সালের ১২ মে কারাগারে মৃত্যুবরণ করেন।
 

দণ্ডপ্রাপ্ত ট্রাকচালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।
 

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২২ জুন, যখন করোনাভাইরাসের কারণে সারাদেশে লকডাউন চলছিল এবং যানবাহন চলাচল বন্ধ ছিল, তখন সোহেল রানা এবং তার হেলপার ওয়াহাব শেখ ট্রাক নিয়ে চন্দ্রা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটি সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোল চত্বর পার হলে হেলপার ওয়াহাব যাত্রীদের জানায় যে, ট্রাকটি নষ্ট হয়ে গেছে এবং সারাইয়ের জন্য কিছু সময় প্রয়োজন হবে।
 

এসময় ট্রাকের দুই পুরুষ যাত্রী নেমে যান, কিন্তু প্রতিবন্ধী তরুণী ট্রাকের কেবিনে থেকে যান। এরপর সোহেল রানা এবং হেলপার ওয়াহাব তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে, ট্রাকের যাত্রী ইউনুস আলী মোবাইলে এই ঘটনা ভিডিও ধারণ করেন এবং ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান।
 

পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে সোহেল রানা এবং ওয়াহাব শেখকে গ্রেপ্তার করে এবং ট্রাকটি জব্দ করে। ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
 

মামলার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে এবং আজ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬