|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ০৫:০১ অপরাহ্ণ

সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে: জামায়াত আমির


সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে: জামায়াত আমির


ঢাকা প্রেস,পিরোজপুর প্রতিনিধি:-

 

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে তাঁর আগমন উপলক্ষে উপজেলা সদর জগন্নাথকাঠি বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন তিনি।
 

জামায়াত আমির বলেন, "আমরা চাই নতুন প্রজন্মের হাতে একটি ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাই একসঙ্গে বসবাস করবে। আমাদের উদ্দেশ্য, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। এখানে একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। আমাদের সকলকে সম্মান ও ভালোবাসা দিয়ে একে অপরকে সহ্য করতে হবে। আমরা একটি সম্প্রীতি, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও শোষণমুক্ত বাংলাদেশ চাই।"
 

পথসভায় জামায়াত আমির আরও বলেন, "আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ যেসব মানুষকে অত্যাচার করে হত্যা করা হয়েছে, তাঁদের রক্তের ফোঁটা এবং সারা বাংলাদেশের ১৮ কোটি মজলুম মানুষের চোখের পানির ফোঁটা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই দুই ফোটার বিনিময়ে আল্লাহ আমাদের মুক্তির স্বাদ দিয়েছেন। তবে, এই মুক্তি সহজে আসেনি; এই ১৫ বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে এবং কোটি কোটি মানুষকে জেলে পুরে রাখা হয়েছে। আলেম-ওলামা, জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে মানুষকে জীবন দিতে হয়েছে। এতগুলো জীবন ও কোরবানির বিনিময়ে আমরা এই স্বস্তি পেয়েছি।"
 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাসুদ সাঈদী, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদসহ জামায়াতের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬