রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (রাজশাহী):-
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের অভয়া-কামারপাড়া এলাকায়।
নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৪২) এবং মো. নাজমুল হক (৩০)। আশরাফুল হুমায়ুন কবীরের ছেলে এবং নাজমুল মো. কালুর ছেলে।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন জানান, আশরাফুল ও নাজমুল মোটরসাইকেলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং তা পুলিশের কাছে হস্তান্তর করেন।
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, মরদেহ দুটি থানায় রাখা হয়েছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাসটি ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করায় এর চালক বা মালিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬