|
প্রিন্টের সময়কালঃ ১৪ জুন ২০২৬ ০৯:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুন ২০২৬ ০৫:২৭ অপরাহ্ণ

নওগাঁয় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, মেয়েকে উদ্ধারে মায়ের সংবাদ সম্মেলন


নওগাঁয় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, মেয়েকে উদ্ধারে মায়ের সংবাদ সম্মেলন


নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
 

নওগাঁর বদলগাছী উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর মা।
 

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় বদলগাছী চারমাথা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা মোছা. নেসপাতি বেগম।
 

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৭ জুন সকাল আনুমানিক ৭টায় তার ছোট মেয়ে নাছরিন আক্তার প্রতিদিনের মতো কোচিং ও স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
 

পরবর্তীতে স্থানীয় সূত্রে তারা জানতে পারেন, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের মগলের গোল পাকা রাস্তা এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নাছরিনকে ভান্ডারপুরের দিকে নিয়ে যাওয়া হয়।
 

পরিবারের অভিযোগ, অপহরণের মূল পরিকল্পনাকারী তাদের প্রতিবেশী মো. বেলাল হোসেনের ছেলে মো. রায়হান হোসেন (২৫)। এ ঘটনায় রায়হানকে সহযোগিতা করার অভিযোগে মো. বেলাল হোসেন (৫২), মোছা. শিরিন আক্তার (৪৫) ও মো. সুমন হোসেনের (২৮) নামও উল্লেখ করা হয়েছে।
 

সংবাদ সম্মেলনে নেসপাতি বেগম বলেন, মেয়ের অবস্থান সম্পর্কে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সহযোগিতা না করে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন। বর্তমানে রায়হান ও নাছরিন অজ্ঞাত স্থানে অবস্থান করায় মেয়ের নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
 

তিনি নওগাঁ জেলা পুলিশ প্রশাসন, পুলিশ সুপার এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ, নাবালিকাকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
 

সংবাদ সম্মেলনে নাছরিনের পিতা মো. হিটলার, বড় ভাই মো. নাসিব হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, আধাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত মেয়েটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
 

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, “ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬