সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নবীন কর্মকর্তাদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সচেষ্ট থাকতে হবে।”
রোববার (২২ জুন) সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান আরও বলেন, “বাংলাদেশ নৌবাহিনী একটি সুসজ্জিত, দক্ষ ও আধুনিক বাহিনী। দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, সমুদ্র সম্পদের সুরক্ষা, অপরাধ দমন এবং সমুদ্রপথে সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তিনি জানান, আমদানি-রফতানি নির্ভর বাংলাদেশের জন্য সমুদ্রপথ তথা ‘সি-লাইন’ নিরাপদ রাখা অত্যন্ত জরুরি, আর এই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনে প্রস্তুত থাকতে হবে নবীন কর্মকর্তাদের।
কুচকাওয়াজের শুরুতে সেনাপ্রধান জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। এরপর নবীন কর্মকর্তাদের আটটি প্লাটুন তাকে সালাম জানায়। অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নবীন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬