ভোলায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-
মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়ে মো. জাবেদ নামে ১৫ মাস বয়সী এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ডাক্তার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।
শিশু জাবেদ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বিল্লাল হোসেন ও তাসলিমা দম্পতির সন্তান।
শিশুর স্বজনরা জানান, ১১ দিন আগে জাবেদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকেলে জাবেদের মা তাসলিমা বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে ধান গোলানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময়, সবার অগোচরে শিশু জাবেদ হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ধান গোলানো শেষে তাসলিমা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে জাবেদকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬