পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঢাকা প্রেস,সদর উপজেলা (পাবনা) প্রতিনিধি:-
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এই সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তি হলেন জালাল উদ্দিন (৪০), তিনি হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শকর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেমের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে একটি ইসলামী জলসা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আবুল হাসেমের কর্মী জালাল উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার জানান, তিনি এ বিষয়ে এখনও কিছু জানেন না। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাবেন বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্তাজ গ্রুপ ও হাসেম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাজশাহী নেওয়ার পথে জালালের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬