|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৯ অপরাহ্ণ

রাজপথে থাকার প্রয়োজনেই পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম


রাজপথে থাকার প্রয়োজনেই পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম


ঢাকা প্রেস নিউজ

 

সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেন, "আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এবং সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি।"
 

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
 

নাহিদ ইসলাম বলেন, "গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট তিনজন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তখন জাতীয় নিরাপত্তা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণকে যৌক্তিক মনে হয়েছিল। গত সাড়ে ছয় মাসে সরকার কাজ করছে, যদিও আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি। তবে আমি মনে করি, সরকারের একটি স্থিতিশীলতা এসেছে।"
 

তিনি আরও বলেন, "সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি বিদ্যমান, সেখানে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য রাজপথে আমার থাকা প্রয়োজন। ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন। গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা আমরা লালন করি, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে সংগঠিত করতেই আমার রাজপথে ফিরে আসা জরুরি। আমাদের সহযোগী যোদ্ধারাও এটি চান। সে কারণেই আজ আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
 

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মিলে নতুন এ দল গঠন করছে, যার নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। এই নতুন রাজনৈতিক উদ্যোগের কারণেই তিনি উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬