|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৫ ০৬:০৬ অপরাহ্ণ

ভারতে নয়, বিচারকদের প্রশিক্ষণ মুফতিদের কাছ থেকে নেয়া উচিত: মাওলানা হাবিবুল্লাহ


ভারতে নয়, বিচারকদের প্রশিক্ষণ মুফতিদের কাছ থেকে নেয়া উচিত: মাওলানা হাবিবুল্লাহ


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, বিচারকদের নির্ধারিত প্রশিক্ষণের পাশাপাশি পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অর্জনের জন্য তাদের ভারতের পরিবর্তে বিজ্ঞ মুফতিদের কাছ থেকে প্রশিক্ষণ নেয়া উচিত। এর মাধ্যমে বিচারকরা আরও দৃঢ়ভাবে ন্যায়বিচারের মানদণ্ডে প্রতিষ্ঠিত হতে পারবেন।
 

গত রোববার (৫ জানুয়ারি) এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি আইন মন্ত্রণালয় কর্তৃক নিম্ন আদালতের ৫০ জন বিচারককে প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেন।
 

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, "ইসলামের ইতিহাসে এমন অনেক নজির রয়েছে, যেখানে বিচারকরা রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধেও রায় দিয়েছেন। এমনকি মুসলিম বিচারকরা ন্যায়বিচারের স্বার্থে মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষেও রায় দিয়েছেন। তাই রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের মুফতিদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করা উচিত।"
 

তিনি আরও বলেন, "ভারত আমাদের নিকটতম প্রতিবেশী হলেও তারা প্রতিবেশীর মতো আচরণ না করে প্রভুত্ব করার চেষ্টা করে। বিচারকদের প্রশিক্ষণও তাদের আধিপত্য বিস্তারমূলক পরিকল্পনারই অংশ। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ভারতের সাথে হওয়া পূর্ববর্তী চুক্তি ও সমঝোতাগুলো পুনরায় পর্যালোচনা করা এবং বাংলাদেশের স্বার্থের বিরোধী চুক্তিগুলো বাতিল করা।"
 

উক্ত বৈঠকে খেলাফত আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যেমন নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোফাচ্ছির হোসাইন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬