|
প্রিন্টের সময়কালঃ ১৭ জুন ২০২৬ ০৪:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুন ২০২৬ ০১:০২ অপরাহ্ণ

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ


ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ


অনলাইন ডেস্ক

 

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের মধ্যেই স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ার প্রবণতা দেখা যায়। আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ ও অনিয়মিত জীবনযাপনের কারণেও ভুলে যাওয়ার সমস্যা বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আলঝাইমারসহ বিভিন্ন স্মৃতিভ্রংশজনিত রোগের ঝুঁকি কমাতে এখন থেকেই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
 

ভারতের নিউরোসার্জন ড. এম নারায়ণ স্বামী মস্তিষ্ক সুস্থ ও সক্রিয় রাখতে কয়েকটি কার্যকর উপায়ের কথা জানিয়েছেন।
 

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শরীরচর্চা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায়, যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়ক।
 

পর্যাপ্ত ঘুমকেও মস্তিষ্কের সুস্থতার অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম মস্তিষ্ককে সতেজ রাখে, মানসিক ক্লান্তি দূর করে এবং নতুন তথ্য শেখার সক্ষমতা বাড়ায়।
 

খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত তেল-মসলা ও অস্বাস্থ্যকর খাবার মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে শাকসবজি, ফলমূল, দানাশস্য এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার মস্তিষ্কের পুষ্টি নিশ্চিত করে এবং এর কার্যক্ষমতা উন্নত করে।
 

এছাড়া একাকীত্ব ও অতিরিক্ত দুশ্চিন্তা মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে বলে জানিয়েছেন ড. স্বামী। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বই পড়া, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কিংবা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে মস্তিষ্ক আরও সক্রিয় থাকে এবং মানসিক সুস্থতা বজায় থাকে।
 

মস্তিষ্ককে সচল রাখতে নিয়মিত নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন তিনি। নতুন ভাষা শেখা, বই পড়া, ধাঁধা বা সুডোকু সমাধান করা এবং নতুন কোনো শখ গড়ে তোলা মস্তিষ্কের স্নায়বিক সংযোগকে শক্তিশালী করে। এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় থাকে।
 

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন ও মানসিক চর্চার মাধ্যমে বয়সজনিত স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬