রাজনৈতিক নিরপেক্ষতা বজিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: ডিএমপি কমিশনার
আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ডিএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন পর দেশে সুষ্ঠু ও সুন্দর জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, যেখানে বিদেশি পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন। পুরো পুলিশ বাহিনীর মর্যাদা পুনরুদ্ধারে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন করা হবে।
রাজধানীতে মোটরসাইকেল ব্যবহার করে অপরাধ বৃদ্ধির প্রসঙ্গ তুলে সাজ্জাত আলী কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপির সব সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে, পাশাপাশি আগাম তথ্য সংগ্রহের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ ওয়ারেন্ট তামিল ও চার্জশিট দাখিলের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬