|
প্রিন্টের সময়কালঃ ০১ নভেম্বর ২০২৬ ০৩:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৬ ০১:১৮ অপরাহ্ণ

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন


মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন


ডেস্ক নিউজ | ঢাকা প্রেস

 

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন। সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
 

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির কারণে মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। জবাবে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। পরে তাঁরা পুনরায় সংগঠিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
 

দুপুর সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা মূল সড়ক ছেড়ে চলে গেলে ওই এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে আশপাশের বিভিন্ন অলিগলিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত ছিল।
 

এদিকে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

উল্লেখ্য, একই দাবিতে গত শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সেদিন মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
 

অন্যদিকে, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে আজ মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চলমান অসন্তোষের মধ্যে সরকারের এ উদ্যোগকে ঘিরে নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬